Home আগরতলা‘বিজেপিতে কাজের মূল্যায়ন হয়, পদ চেয়ে নিতে হয় না’: সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা

‘বিজেপিতে কাজের মূল্যায়ন হয়, পদ চেয়ে নিতে হয় না’: সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা

by Debasish
0 comments 7 views

‘নীতি ও আদর্শের সঙ্গে আপস নয়, মানুষের আস্থা নিয়েই এগোবে বিজেপি’

আগরতলা, ৩০ আগস্ট : বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের নেতা বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে দলের আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তাঁর বক্তব্যে উঠে এল বিপ্লব দেবের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিও।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি এমন একটি দল যেখানে নিষ্ঠা ও সাংগঠনিক কাজের মধ্য দিয়েই কর্মীদের মূল্যায়ন করা হয়। দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে কাজ করাই বিজেপির প্রধান শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

বিপ্লব কুমার দেবের সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগের প্রসঙ্গ তুলে ধরে ড. মানিক সাহা বলেন, ২০১৬ সাল থেকে তাঁদের মধ্যে যে যোগাযোগের সূচনা হয়েছিল, পরবর্তীতে তা সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে আরও দৃঢ় হয়েছে। বিপ্লব দেবের কাজের গতি ও সাংগঠনিক দক্ষতারও প্রশংসা করেন তিনি।

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সিপিএমকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বর্তমান সরকারের পতনের আশায় বিরোধীরা অপেক্ষা করছে। তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি। অতীতের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তাঁর বক্তব্য, বিজেপি কোনওভাবেই সেই পথে হাঁটবে না।

রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ক্রীড়া পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা এবং জিএসডিপি বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। নীতি আয়োগের মূল্যায়নেও ত্রিপুরা ‘ফ্রন্ট রানার’ রাজ্য হিসেবে উঠে এসেছে বলে জানান তিনি।

শেষে মুখ্যমন্ত্রী বলেন, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে এবং সাধারণ মানুষের আস্থা অটুট রেখে আগামী দিনেও বিজেপি সরকার উন্নয়ন ও স্বচ্ছতার পথে কাজ চালিয়ে যাবে।

You may also like

Leave a Comment