Home আগরতলাস্নেহের রাখিতে সম্প্রীতির বার্তা—মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আনন্দঘন রাখিবন্ধন উৎসব

স্নেহের রাখিতে সম্প্রীতির বার্তা—মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আনন্দঘন রাখিবন্ধন উৎসব

by Debasish
0 comments 15 views

আগরতলা, ২৯ আগস্ট: স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতার আবহে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে পালিত হলো পবিত্র রাখিবন্ধন উৎসব। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব উপলক্ষে শনিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার সরকারি বাসভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজেপি মহিলা মোর্চার নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী এবং ছোট্ট শিশুরা অংশ নেয়। তারা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানায়। উৎসবকে ঘিরে সরকারি বাসভবনে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, রাখিবন্ধন শুধুমাত্র একটি উৎসব নয়, এটি পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি পবিত্র মাধ্যম। বোনেরা ভাইয়ের সুরক্ষা ও সুস্থতার জন্য প্রার্থনা করেন—রাখিবন্ধনের এই ঐতিহ্যের মধ্যে রয়েছে গভীর আবেগ ও আত্মিক সম্পর্ক।

তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টির মধ্যে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বরাবরই গুরুত্ব পেয়েছে। রাখিবন্ধনের মতো উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা বহন করে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নারী শক্তি ও নারী ক্ষমতায়নের ভাবনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের পাশাপাশি রাজ্যের জনসংখ্যার একটি বড় অংশ নারী। নারীদের আত্মনির্ভরশীলতা, সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও সার্বিক কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিধানসভার ব্যস্ত কর্মসূচির কারণে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখিবন্ধন অনুষ্ঠানে কিছুটা বিলম্ব হলেও উৎসবের আবহে তার কোনও প্রভাব পড়েনি। কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী অন্য একটি রাখিবন্ধন অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।

রাখিবন্ধন উপলক্ষে রাজ্যের সমস্ত নারী শক্তি এবং নাগরিকদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা জানান মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Comment