Home আগরতলারাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

by Debasish
0 comments 5 views

আগরতলা, ২১ আগস্ট : রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইটি ভবনের স্মার্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে। কর্মশালায় আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, বর্তমান প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে। প্রিন্ট হোক বা ইলেকট্রনিক প্রতিটি সংবাদমাধ্যমেরই নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে। দৈনন্দিন সংবাদের বিষয়গুলি আগে তাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আসে। পরে তা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। রাজ্য সরকারও সোশ্যাল মিডিয়ার গুরুত্বকে অনুধাবন করে প্রতিটি দপ্তরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সক্রিয় রাখার উদ্যোগ নিয়েছে। কারণ অন্যান্য মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়ায় খবর দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুল বা বিভ্রান্তিমূলক তথ্যও প্রচারিত হয়, যার ফলে সরকার সম্পর্কে জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। তাই এ ধরনের ভুল বা বিভ্রান্তিমূলক সংবাদের দ্রুত রেসপন্স দেওয়া প্রয়োজন, যাতে জনগণের মধ্যে রাজ্য সরকারের প্রতি ভুল ধারণা না তৈরি হয়। এক্ষেত্রে অবশ্যই কন্টেন্টগুলি সরকারের উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পাশাপাশি প্রতিটি দপ্তরকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেজন্য কন্টেন্ট কে তৈরি করবে, কে আপলোড করবে তা সংশ্লিষ্ট দপ্তরগুলি নির্ধারণ করবে। কন্টেন্ট আপলোড করার সময় সঠিক হ্যাশট্যাগ ও ট্যাগ ব্যবহার করতে হবে, যাতে এই পোস্টগুলি আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিটি দপ্তর সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে যাতে দ্বিধাবোধ কাটিয়ে উঠতে পারে সে উদ্দেশ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। পরবর্তীতে রাজ্যের প্রতিটি জেলায়ও এ ধরনের কর্মশালার আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।

কর্মশালায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য এবং তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জেয়া রেগুল গেশন বি. সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিভিন্ন দপ্তরের সোশ্যাল মিডিয়া এবং টাস্ক মনিটরিং সিস্টেমের সঙ্গে যুক্ত নোডাল অফিসারগণ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment