Home অপরাধকৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে ঢোকার চেষ্টা

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে ঢোকার চেষ্টা

by Debasish
0 comments 6 views

কৈলাসহর: গভীর রাতে একদল দুষ্কৃতকারীর আইনজীবীর বাড়িতে প্রবেশের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুর এলাকায়। অভিযোগ, বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনার কিছু অংশ ধরা পড়ার পর ক্যামেরাটি ভেঙে খুলে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। ঘটনাকে ঘিরে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, আইনজীবী দেবার্চন তরফদারের গোবিন্দপুরের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, রাত আনুমানিক ২টা ৩২ মিনিট নাগাদ প্রায় ১০ থেকে ১৩ জনের একটি দল বাড়িতে ঢোকার চেষ্টা করে। বিষয়টি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বলে অভিযোগ। এরপর ক্যামেরাটি ভেঙে খুলে নিয়ে যাওয়া হয়।

আইনজীবী দেবার্চন তরফদারের দাবি, সিসিটিভি ক্যামেরাটি চুরি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, নাকি নিজেদের গতিবিধির প্রমাণ মুছে ফেলতেই সেটি সরিয়ে নেওয়া হয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এর আগের দিন, অর্থাৎ ১৭ আগস্ট, তাঁর বাড়ির পিছনের একটি বেড়াও ভাঙা হয়েছিল বলে অভিযোগ পরিবারের।

বাড়িটি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় সংলগ্ন হওয়ায় ওই এলাকায় সিসিটিভি নজরদারি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, ঘটনার সময় রাতে একাধিকবার থানায় ফোন করা হলেও দীর্ঘ সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে, বুধবার, ১৯ আগস্ট দুপুর প্রায় ২টা নাগাদ আইনজীবীর পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের পরিচয় বা ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। বাড়িতে প্রবেশের চেষ্টা, সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেওয়া এবং আগের দিনের বেড়া ভাঙার ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

You may also like

Leave a Comment