আগরতলা, ১ অক্টোবর : নির্বাচন কমিশনকে ঘিরে কংগ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিলেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস। বুধবার তিনি দাবি করেন, নির্বাচনে পরাজয়ের পর সাংগঠনিক দুর্বলতার দিকে নজর না দিয়ে কংগ্রেস বাইরের বিষয়কে দায়ী করছে।
রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ধারাবাহিকভাবে নির্বাচনে পরাজিত হচ্ছে বলে মন্তব্য করেন সুধাংশু দাস। তাঁর দাবি, কংগ্রেস ইতিমধ্যেই ৯৬টিরও বেশি নির্বাচনে পরাজিত হয়েছে এবং বারবার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
সম্প্রতি ত্রিপুরায় অনুষ্ঠিত ভিলেজ কাউন্সিল ও ভিলেজ কমিটি নির্বাচন প্রসঙ্গেও কংগ্রেসকে নিশানা করেন মন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যে মোট ৪,৫৯৭টি আসনে নির্বাচন হয়েছে। কিন্তু কংগ্রেস সব আসনে প্রার্থী দিতে পারেনি। তিনি দাবি করেন, দলটি প্রায় ৩২৫টি আসনে প্রার্থী দিয়েছিল এবং বাকি আসনগুলিতে প্রার্থী দেয়নি।
সুধাংশু দাসের কথায়, “যেখানে প্রার্থীই দিতে পারলেন না, সেখানে স্বাভাবিকভাবেই নির্বাচনে পরাজয় হবে। এনডিএ জিতলে বলা হচ্ছে ভোট চুরি হয়েছে। আমার প্রশ্ন, প্রার্থী দিলেন না কেন?”
ভোট কারচুপি বা নির্বাচনী অনিয়মের অভিযোগ নিয়েও কংগ্রেসকে পাল্টা প্রশ্ন করেন তিনি। তাঁর বক্তব্য, একটি বড় সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতাই না করে নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তোলা কতটা যুক্তিসঙ্গত, সেটিও কংগ্রেসকে ব্যাখ্যা করতে হবে।