Home বিদেশরিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা, একাধিক বিমান বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া, সতর্কতা জারি

রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা, একাধিক বিমান বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া, সতর্কতা জারি

by Debasish
0 comments 1 views

জনকন্ঠ ডট কম ডেস্ক, ০৯ অক্টোবর : সৌদি আরবের রিয়াধ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা। সৌদির রাজধানী শহরে একাধিক বার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। তার পর থেকে ওই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। ভারত থেকে রিয়াধগামী একাধিক বিমানও বাতিল করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমানসংস্থাগুলি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ১০ অক্টোবর পর্যন্ত রিয়াধের বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত। চাইলে তাঁদের অন্য দিনের বিমানের বন্দোবস্ত করে দেওয়া হবে। কেউ চাইলে টিকিটের পুরো টাকা ফেরতও দিয়ে দেবে সংস্থা।

সৌদির বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুথিরা। আগেই তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছিল আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে। বলা হয়েছিল, সৌদির আকাশপথ এড়িয়ে চলতে হবে। না হলে যে কোনও মুহূর্তে হামলা হতে পারে। তার ফল ভুগতে পারে যাত্রীদের। রিয়াধের বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। হুথিদের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তারা রিয়াধ বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তা লক্ষ্যবস্তুতে সফল ভাবে‌ আঘাত করেছে। আগামী দিনে সৌদির এয়ারস্পেস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী।

সৌদির সেনাবাহিনী জানিয়েছে, রিয়াধের দিকে ধেয়ে আসা দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করেছে তারা। তবে বিমানবন্দরে হামলার বিষয়ে সৌদির সরকার এখনও কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, ইরানের সঙ্গে ইজ়রায়েল এবং আমেরিকার বাহিনীর সংঘাতে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে ইয়েমেনের গৃহযুদ্ধও। ইরানের উপর হামলার প্রতিবাদে পশ্চিম এশিয়ায় পাল্টা হামলা শুরু করেছিল হুথিরা। অভিযোগ, গৃহযুদ্ধে ইয়েমেন সরকারের অনুগত বাহিনীকে সমর্থন করছে সৌদি আরব। তাই তাদের নিশানা করা হচ্ছে। হুথিরা সক্রিয় হয়ে ওঠায় পশ্চিম এশিয়া ফের উত্তপ্ত। বৃহস্পতিবার ভারত থেকে বিমান চলাচলেও তাঁর আঁচ লাগল।

You Might Also Like

You may also like

Leave a Comment