আগরতলা, ৫ নভেম্বর: যাত্রাপুর পঞ্চায়েতের অন্তর্গত বিরামপুর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে রাস্তার উপর থেকে বাবিহুর রহমান (৪২) নামে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়। তাঁর গলায় একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৩টা নাগাদ রাস্তার উপর বাবিহুর রহমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যাত্রাপুর থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এদিকে মৃতের বড় ভাইয়ের দাবি, দীর্ঘদিন ধরেই বাবিহুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক অশান্তি চলছিল। পাশাপাশি ভাইয়ের গলায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে উল্লেখ করে তিনি মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক বলে মানতে নারাজ। তাঁর অভিযোগ, বাবিহুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তবে এটি হত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় গোটা বিরামপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।