Home আগরতলা‘আমার মূর্তি, আমার অভিমান’—পরিত্যক্ত মূর্তি সংগ্রহে রাজ্যজুড়ে যুব মোর্চার অভিযান

‘আমার মূর্তি, আমার অভিমান’—পরিত্যক্ত মূর্তি সংগ্রহে রাজ্যজুড়ে যুব মোর্চার অভিযান

by Debasish
0 comments 4 views

আগরতলা, ২২ সেপ্টেম্বর: বিভিন্ন ধর্মীয় উৎসবের পর রাস্তার ধারে, জনবহুল স্থান কিংবা অন্যান্য জায়গায় অযত্নে পড়ে থাকা পরিত্যক্ত মূর্তি সংগ্রহ করে সেগুলির যথাযথ বিসর্জনের ব্যবস্থা করতে রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি যুব মোর্চা। ‘আমার মূর্তি, আমার অভিমান’ নামে এই কর্মসূচি বিজেপির মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব জানান, বিভিন্ন ধর্মীয় উৎসব ও পুজোর পর অনেক সময় পূজিত মূর্তি রাস্তার পাশে বা বিভিন্ন জনসাধারণের ব্যবহৃত স্থানে পড়ে থাকে। সেই সমস্ত মূর্তি সংগ্রহ করে যথাযথ মর্যাদার সঙ্গে বিসর্জনের ব্যবস্থা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
অরিন্দম দেবের বক্তব্য, পরিচ্ছন্নতা, সামাজিক পরিষেবা এবং ধর্মীয় রীতিনীতি—এই তিনটি বিষয়কে সামনে রেখেই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। যুব মোর্চার কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিত্যক্ত মূর্তি চিহ্নিত করে সেগুলি সংগ্রহ করছেন এবং উপযুক্ত জলাশয়ে বিসর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছেন।

তিনি আরও জানান, অনেক এলাকায় নদী, খাল, পুকুর বা মূর্তি বিসর্জনের উপযুক্ত জলাশয়ের অভাব রয়েছে। ফলে পুজোর পর মূর্তি নিয়ে সমস্যায় পড়েন সংশ্লিষ্ট মানুষজন। সেই সমস্যার সমাধানেও এই উদ্যোগ সহায়ক হবে বলে দাবি তাঁর।
অরিন্দম দেব বলেন, এই কর্মসূচির মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি যুব সমাজকে সামাজিক কাজে আরও বেশি করে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সনাতন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে থেকে সামাজিক পরিষেবা অব্যাহত রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তাঁর দাবি, এ ধরনের উদ্যোগ এ বছরই প্রথম নয়। ২০২৩ সালের নভেম্বরষ থেকেই তিনি ব্যক্তিগতভাবে পরিত্যক্ত মূর্তি সংগ্রহ ও বিসর্জনের কাজে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সময়ে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে যুব মোর্চার।

You may also like

Leave a Comment