Home আগরতলাপ্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর-পূর্বের উন্নয়ন ত্বরান্বিত: মন্ত্রী সুধাংশু দাস

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর-পূর্বের উন্নয়ন ত্বরান্বিত: মন্ত্রী সুধাংশু দাস

by Debasish
0 comments 2 views

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের প্রশংসা করলেন ত্রিপুরার প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। বিশেষ করে ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা ও প্রধানমন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক বার্তায় সুধাংশু দাস নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় আরও শক্তি কামনা করেন। তাঁর বক্তব্য, দেশের প্রতি প্রধানমন্ত্রীর নিষ্ঠা, পরিশ্রম এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে তাঁর অঙ্গীকার সাধারণ মানুষকে দেশ গঠনের কাজে আরও সক্রিয়ভাবে অংশ নিতে অনুপ্রাণিত করেছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ নতুন উদ্যম ও সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। গত প্রায় এক দশকে উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের গতি বেড়েছে বলেও দাবি করেন তিনি। ত্রিপুরার ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের কথা উল্লেখ করে সুধাংশু দাস বলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলিকে দেশের মূল স্রোতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা রয়েছে।

ত্রিপুরার মানুষের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান মন্ত্রী। একইসঙ্গে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শান্তিরবাজার বিধানসভা এলাকায় আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতেও অংশ নেন সুধাংশু দাস। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা কেবল কোনও সরকারি কর্মসূচি নয়, বরং সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার জন্য সকলের সম্মিলিত অঙ্গীকার। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা গড়ে তুলতে সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment