Home আগরতলা১০ আগস্ট দেশজুড়ে ‘জেল ভরো’ কর্মসূচি: ত্রিপুরায় ব্যাপক অংশগ্রহণের ডাক সিটু ও কৃষক সংগঠনগুলির

১০ আগস্ট দেশজুড়ে ‘জেল ভরো’ কর্মসূচি: ত্রিপুরায় ব্যাপক অংশগ্রহণের ডাক সিটু ও কৃষক সংগঠনগুলির

by Debasish
0 comments 16 views

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি, বেকারত্ব, শ্রমিক-কৃষকের অধিকার খর্ব এবং দুর্নীতির অভিযোগ তুলে আগামী ১০ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিত হতে চলা ‘জেল ভরো’ কর্মসূচিতে ত্রিপুরায় ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলি।

শুক্রবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান, সিটু, সর্বভারতীয় কৃষক সভা (AIKS), ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন (TKMU) এবং জিএমপি (GMP)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ১৯৪২ সালের ৯ আগস্টের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে প্রতিবছর এই কর্মসূচি পালন করা হয়। তবে চলতি বছর ৯ আগস্ট রবিবার হওয়ায় কর্মসূচি ১০ আগস্ট অনুষ্ঠিত হবে।

তিনি দাবি করেন, সারা দেশে এই কর্মসূচিতে ১০ লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করবেন। কেন্দ্র সরকার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি, নতুন শ্রম আইন (লেবার কোড)-এর মাধ্যমে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করে কর্পোরেট সংস্থাগুলির স্বার্থ রক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন।

সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য সভাপতি মানিক দে অভিযোগ করেন, দেশে দুর্নীতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একদিকে বেকারত্ব বাড়ছে, অন্যদিকে দেশের সম্পদ লুট এবং সরকারি সম্পত্তি নামমাত্র মূল্যে বিক্রি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দুর্বল হয়ে পড়েছে এবং শ্রমিক-কৃষকদের স্বার্থ রক্ষায় ‘জেল ভরো’ আন্দোলনে নামতে বাধ্য হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে কৃষক নেতা পবিত্র কর, শ্যামল দে এবং মধুসূদন দাস উপস্থিত ছিলেন। তাঁরা রাজ্যের শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের প্রতি আগামী ১০ আগস্টের ‘জেল ভরো’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

You may also like

Leave a Comment