Home আগরতলা“মানুষ অরাজকতা নয়, উন্নয়ন চায়”—ইন্দোরে পদযাত্রা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ বিপ্লব কুমার দেবের

“মানুষ অরাজকতা নয়, উন্নয়ন চায়”—ইন্দোরে পদযাত্রা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ বিপ্লব কুমার দেবের

by Debasish
0 comments 2 views

আগরতলা, ৩১ অক্টোবর: দেশের মানুষ অরাজকতা নয়, উন্নয়ন ও স্থিতিশীলতা চায়। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপির উদ্যোগে আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে এভাবেই বিরোধীদের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।

সম্প্রতি মধ্যপ্রদেশে বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন বিপ্লব দেব। সেই দায়িত্ব গ্রহণের পর ইন্দোরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত পদযাত্রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট করেন, এই পদযাত্রা কোনও নির্বাচনী কর্মসূচি নয়। বরং দেশের ঐক্য ও অখণ্ডতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে এবং তথাকথিত ‘টুকরে টুকরে গ্যাং’-এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিপ্লব দেব বলেন, যারা ভারতকে বিভক্ত করতে চায় এবং বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এবার জবাব দেওয়ার সময় এসেছে। যতদিন শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন দেশবিরোধী শক্তিকে ভারতের মাটিতে জায়গা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন কংগ্রেস নেতৃত্বকেও নিশানা করেন বিজেপির এই নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিরোধীদের ব্যক্তিগত আক্রমণের তীব্র সমালোচনা করেন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার দীর্ঘ রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ টেনে বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং ‘প্রধান সেবক’ ও ‘চৌকিদার’ হিসেবে ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

তাঁর অভিযোগ, রাজনীতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে বিরোধীদের রাজনৈতিক বক্তব্যে সেই মানদণ্ডের অভাব দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত মন্তব্য করে কংগ্রেস নেতারা রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করছেন বলেও অভিযোগ করেন তিনি।

পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কড়া ভাষায় আক্রমণ করেন বিপ্লব দেব। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অসম্মান করার চেষ্টা করছেন রাহুল গান্ধী। সংবিধান রক্ষার আড়ালে দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

ইন্দোরবাসীর উদ্দেশে বিপ্লব দেব বলেন, বিষয়টি কোনও সাধারণ ঘটনা নয়, এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। দেশের প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

পদযাত্রায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিকে বিরোধী শক্তির বিরুদ্ধে জনগণের জোরালো বার্তা বলে দাবি করেন বিজেপির এই নেতা। তাঁর বক্তব্য, মুঘল থেকে ব্রিটিশ, কমিউনিস্ট থেকে কংগ্রেস—অনেকেই ভারতকে পরাজিত করার চেষ্টা করেছে, কিন্তু কেউই ভারতকে নতজানু করতে পারেনি। কারণ ভারত শুধু একটি দেশ নয়, ভারত মাতা।

বক্তব্যের শেষে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিপ্লব দেব বলেন, ভারতকে জয়ী হতে হবে, ভারত মাতার জয় নিশ্চিত করতে হবে। দেশের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় প্রত্যেককে একসঙ্গে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশে বিজেপির সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর থেকেই সেখানে দলের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত আরও মজবুত করার লক্ষ্যে সক্রিয় হয়েছেন বিপ্লব কুমার দেব। তাঁর এই পদযাত্রা ও বক্তব্যকে ঘিরে মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

You may also like

Leave a Comment