Home অপরাধখোয়াইয়ে নাবালিকার উপর যৌন নির্যাতনের মামলায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড

খোয়াইয়ে নাবালিকার উপর যৌন নির্যাতনের মামলায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড

by Debasish
0 comments 2 views

২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

খোয়াই, ১৩ অক্টোবর: নাবালিকার উপর যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার আদালত রাজেন্দ্র মালসোম নামে ৩০ বছর বয়সি এক ব্যক্তিকে এই সাজা শোনায়। পাশাপাশি দোষীকে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

ত্রিপুরা পুলিশের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত রাজেন্দ্র মালসোম তেলিয়ামুড়া থানার অধীন দেবথাং পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলাটি বিশেষ পকসো মামলা নম্বর ০২/২০২২-এর অন্তর্গত। তেলিয়ামুড়া থানায় ১১ ডিসেম্বর, ২০২১ তারিখে নথিভুক্ত ১৪৭/২০২১ নম্বর মামলার ভিত্তিতে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(১) ও ৫০৬ ধারা এবং পকসো আইনের ৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে মহিলা পুলিশ আধিকারিক

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন মহিলা সাব-ইনস্পেক্টর কমলা রানি মুরাসিং। ঘটনার সময় তিনি তেলিয়ামুড়া থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পশ্চিম ত্রিপুরা জেলার পূর্ব আগরতলা থানায় কর্মরত রয়েছেন।

তদন্ত শেষে ২০২২ সালের ২০ জানুয়ারি তিনি আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তী সময়ে বিচারপ্রক্রিয়া শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় খোয়াই জেলা ও দায়রা আদালত।

You may also like

Leave a Comment