Home দেশযন্তর মন্তর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ২৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত দিল্লি পুলিশের

যন্তর মন্তর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ২৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত দিল্লি পুলিশের

by Debasish
0 comments 1 views

সিজেপির বিক্ষোভ ঘিরে রাজধানীতে ২০ হাজার পুলিশকর্মী মোতায়েনের পরিকল্পনা, মেট্রো ও ট্রেন পরিষেবা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ

নয়াদিল্লি, ৯ অক্টোবর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি একাধিক বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরকে কেন্দ্র করে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতিতে টেলিযোগাযোগ সংস্থাগুলিকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

২০২৩ সালের টেলিযোগাযোগ আইন অনুসারে জারি করা এই নির্দেশের আওতায় এয়ারটেল, ভোডাফোন, জিও এবং এমটিএনএলের মতো সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিক্ষোভের দিন রাজধানীতে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য একাধিক স্তরে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার দিল্লিতে প্রায় ২০ হাজার পুলিশকর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। যন্তর মন্তর এবং তার আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাকে বিশেষভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকায় সাড়ে ছয় হাজার পুলিশকর্মী মোতায়েন থাকতে পারেন। পাশাপাশি, যন্তর মন্তর-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিক্ষোভের সময় পরিস্থিতি নথিভুক্ত করতে ভিডিয়োগ্রাফার ও চিত্রগ্রাহকদেরও কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।

এদিকে, বিক্ষোভের কারণে ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছলে শুক্রবার যাত্রীদের অসুবিধার কথা তুলে ধরে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরিবহণ পরিষেবা থেকে পুরোপুরি বঞ্চিত করা যায় না। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, ছোট সমস্যা মোকাবিলায় অতিরিক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়। এ প্রসঙ্গেই আদালত মন্তব্য করে, ‘‘মাছি মারতে কেউ হাতুড়ি চালায় না!’’

আদালতের বক্তব্য, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য বহু মানুষ ট্রেন ও মেট্রোর উপর নির্ভরশীল। তাঁদের দৈনন্দিন জীবন ও যাতায়াতের অধিকার বিবেচনা করেই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। শনিবার মেট্রো ও ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণের পর পরিবহণ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে সূত্রের খবর।

অন্যদিকে, শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিগামী একাধিক ট্রেন বাতিলের খবর সামনে এসেছে। রাজধানীর সমস্ত মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশও দিয়েছিল পুলিশ। তবে শীর্ষ আদালতের নির্দেশের পর এই সিদ্ধান্তের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে নতুন করে পর্যালোচনা চলছে। নিরাপত্তার কারণে কনট প্লেস, ভগীরথ প্যালেস এবং চাঁদনি চকের বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেছেন এনডিএ-র শরিক লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর সাংসদ চিরাগ পাসোয়ান। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে দেশের যুবসমাজকে আটকে রাখা সম্ভব নয়। কতগুলি ট্রেন বা রাস্তা বন্ধ করে যুবসমাজের প্রতিবাদ থামানো যাবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

You may also like

Leave a Comment