Home ত্রিপুরাউদয়পুরে বিজেপির ‘সেবা জ্যোতি পদযাত্রা’, উন্নয়ন ও জনসেবার বার্তা তুলে ধরলেন অভিষেক দেবরায়

উদয়পুরে বিজেপির ‘সেবা জ্যোতি পদযাত্রা’, উন্নয়ন ও জনসেবার বার্তা তুলে ধরলেন অভিষেক দেবরায়

by Debasish
0 comments 1 views

উদয়পুর, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনজীবন এবং কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বুধবার উদয়পুরে ‘সেবা জ্যোতি পদযাত্রা’ আয়োজন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সাধারণ মানুষের কাছে প্রার্থনার আবেদন জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় বলেন, দেশজুড়ে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল উন্নয়ন ও জনসেবার বার্তা তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনায় সাধারণ মানুষ প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ ও শুভকামনা জানাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

গোমতী জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে অভিষেক দেবরায় বলেন, একাধিক বড় প্রকল্পের মাধ্যমে জেলার আর্থ-সামাজিক ক্ষেত্রে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। প্রস্তাবিত ১০০ কোটি টাকার ‘৫১ পীঠ’ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি স্থানীয় মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগও তৈরি হবে।

মাতাবাড়ির ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়নের কথাও তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর দাবি, PRASAD প্রকল্পের মাধ্যমে মন্দিরের পরিকাঠামোর উন্নয়নের পর দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতিদিন প্রায় ২ হাজার থেকে ২,৫০০ মানুষ মন্দিরে আসতেন, বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজারে পৌঁছেছে। এর ফলে পর্যটন ও তীর্থযাত্রার সঙ্গে যুক্ত স্থানীয় মানুষের আয়ের সুযোগও বেড়েছে বলে দাবি করেন তিনি।

এছাড়াও প্রস্তাবিত আয়ুর্বেদিক কলেজ এবং আগরতলা বিমানবন্দর থেকে মাতাবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক চার লেন করার পরিকল্পনার কথাও জানান অভিষেক দেবরায়। তাঁর বক্তব্য অনুযায়ী, সড়ক প্রকল্পের ডিপিআর তৈরির কাজ চলছে এবং শীঘ্রই তা সম্পন্ন হবে।

রাজ্যজুড়ে জাতীয় সড়ক সম্প্রসারণ এবং জনজাতি এলাকার জন্য PM-JANMAN-সহ বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরে অভিষেক দেবরায় বলেন, একাধিক উদ্যোগের মাধ্যমে ত্রিপুরা নতুন পরিচয় তৈরি করছে।

‘শুধু রাজনৈতিক কর্মসূচি নয়’, দাবি অর্থমন্ত্রীর

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ‘সেবা জ্যোতি পদযাত্রা’কে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখলে হবে না। তাঁর দাবি, এর সঙ্গে জনসেবা, সামাজিক কল্যাণ, জাতীয়তাবোধ এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার বার্তাও জড়িয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনজীবনের প্রসঙ্গ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—এই দীর্ঘ সময়ে দরিদ্র পরিবার, কৃষক, শ্রমিক, মহিলা, যুবক এবং প্রবীণদের জন্য একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

আবাসন, শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রকল্পের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার কথা তুলে ধরেন তিনি। আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

২০১৪ সালের আগে দেশের পরিস্থিতির সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরের সময়ের তুলনা করে ত্রিপুরাতেও ২০১৮ সালের পর উন্নয়নের ক্ষেত্রে পরিবর্তন এসেছে বলে দাবি করেন প্রণজিৎ সিংহ রায়।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সাধারণ মানুষকে প্রার্থনা করার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, মানুষের আশীর্বাদ ও উৎসাহ প্রধানমন্ত্রীকে আগামী দিনেও দেশের সেবায় কাজ করার শক্তি জোগাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিজেপির রাজ্য সহ-সভাপতি অজন্তা ভট্টাচার্য, রাজ্য মুখপাত্র নবেণ্দু ভট্টাচার্য, গোমতী জেলা বিজেপি সভাপতি সবিতা নাগ-সহ দলের অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা।

You may also like

Leave a Comment