২৬টি ভিলেজ কমিটিতেই জোটের প্রাধান্যের দাবি, উন্নয়নকে সামনে রেখে আগামী দিনের বার্তা
আগরতলা, ৫ অক্টোবর: দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরার টিটিএএডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে এবার মান্দাইয়ে নিজেদের শক্তি প্রদর্শন করল এনডিএ জোট। সোমবার ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফলে মান্দাই ব্লকের অধিকাংশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে এনডিএ প্রার্থীদের জয় ঘিরে জোট শিবিরে উৎসবের আবহ তৈরি হয়।
পশ্চিম ত্রিপুরা জেলার একমাত্র মান্দাই ব্লকের অধীনে রয়েছে মোট ২৬টি ভিলেজ কমিটি। এর মধ্যে ১১টি ভিলেজ কমিটিতে এনডিএ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। বাকি ১৫টি ভিলেজ কমিটির মোট ৫৭টি আসনে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।
সোমবার গণনা শেষ হওয়ার পর দেখা যায়, প্রতিদ্বন্দ্বিতা হওয়া অধিকাংশ আসনেই এনডিএ-র প্রার্থীরা জয়ী হয়েছেন। এই ফলাফলের পর মান্দাই ব্লকের প্রায় সমস্ত ভিলেজ কমিটিতেই জোটের প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন এনডিএ নেতৃত্ব।
ফল প্রকাশের পর মান্দাইয়ের বিভিন্ন এলাকায় দেখা যায় বিজয় মিছিল ও আনন্দ-উচ্ছ্বাস। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ থেকে শুরু করে নানা কর্মসূচির মাধ্যমে জয় উদযাপন করতে দেখা যায়।
জয়ের পর সংবাদমাধ্যমের সামনে এসে এনডিএ নেতৃত্ব এই ফলাফলের কৃতিত্ব তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম কিশোর মাণিক্য দেববর্মার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেন। তাঁদের দাবি, ভিলেজ কমিটি নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তৃণমূল স্তরে নতুন করে কাজের সুযোগ তৈরি হয়েছে।
এনডিএ নেতাদের বক্তব্য, নির্বাচনের ফলাফলকে শুধু রাজনৈতিক জয় হিসেবে দেখলে চলবে না। ভিলেজ কমিটিগুলিকে কাজে লাগিয়ে জনজাতি অধ্যুষিত এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলির সমাধানে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য।
মান্দাইয়ের ফলাফলকে সামনে রেখে জোট নেতৃত্ব আরও দাবি করেছে, পাহাড় ও জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে ভিলেজ কমিটিগুলিকে সক্রিয় ভূমিকা নিতে হবে। মানুষের কাছে পৌঁছে স্থানীয় সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।