গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার খর্বের অভিযোগ, আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি ছাত্র সংগঠনের
আগরতলা, ৪ অক্টোবর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর ত্রিপুরা রাজ্য কমিটি। রবিবার আগরতলায় এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে সংগঠনের কর্মী-সমর্থকরা। অভিযোগ, দেশের গণতান্ত্রিক অধিকার, সংবিধান এবং সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এর প্রতিবাদেই দেশজুড়ে আন্দোলনের অংশ হিসেবে আগরতলায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সৃজন দেব অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির স্বার্থে কাজ করছেন। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টার সঙ্গেও তিনি যুক্ত বলে দাবি করেন এসএফআই নেতৃত্বের।
সৃজন দেব বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র, যুবক এবং সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে প্রতিবাদে শামিল হয়েছেন। সেই আন্দোলনের অংশ হিসেবেই আগরতলায় মিছিল করে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়েছে।
তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমারের ভূমিকা দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষও তাঁর বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন বলে দাবি করেন তিনি।
এসএফআই নেতা আরও জানান, গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন দেশজুড়ে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে ছাত্রছাত্রী ও সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। তবে আন্দোলন চলাকালীন দিল্লিতে ছাত্রনেতা ও আন্দোলনকারীদের উপর পুলিশের নির্যাতনের অভিযোগও তোলেন তিনি।
সৃজন দেবের বক্তব্য, ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনকে পুলিশি পদক্ষেপের মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতে আন্দোলন থামবে না।
প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রসঙ্গ টেনে এসএফআই রাজ্য সম্পাদক দাবি করেন, অতীতে ছাত্র আন্দোলনের ধারাবাহিক চাপের মুখে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। একইভাবে বর্তমান আন্দোলনের মাধ্যমেও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখা হবে।
মিছিল থেকে স্পষ্ট বার্তা দিয়ে এসএফআই নেতৃত্ব জানায়, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।