Home ত্রিপুরাটেট উত্তীর্ণদের আন্দোলনে পুলিশের ‘বলপ্রয়োগ’! মানবাধিকার কমিশনে TGTA—নিয়োগের দাবিতে এবার আইনি লড়াইয়ের হুঁশিয়ারি

টেট উত্তীর্ণদের আন্দোলনে পুলিশের ‘বলপ্রয়োগ’! মানবাধিকার কমিশনে TGTA—নিয়োগের দাবিতে এবার আইনি লড়াইয়ের হুঁশিয়ারি

by Debasish
0 comments 6 views

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল ত্রিপুরা গভর্নমেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন (TGTA)। ২৪ সেপ্টেম্বর আগরতলার শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে পুলিশ জলকামান ব্যবহার এবং কয়েকজন আন্দোলনকারীকে জোর করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

টেট উত্তীর্ণদের দাবি ছিল, দ্রুত মেধাতালিকা প্রকাশ করে সফল প্রার্থীদের নিয়োগ দিতে হবে। সেই দাবিতে সেদিন শিক্ষা ভবনের সামনে শতাধিক চাকরিপ্রার্থী জমায়েত হন। TGTA-র অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং কয়েকজনকে টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

বুধবার TGTA-র সাধারণ সম্পাদক আশিস চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধের সঙ্গে দেখা করে। পুলিশের বিরুদ্ধে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর অভিযোগ তুলে কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা।

আশিস চৌধুরী বলেন, “২৪ সেপ্টেম্বর শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের যেভাবে বলপ্রয়োগ করা হয়েছে, তাতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ।” তাঁর দাবি, টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নিজেদের যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পরীক্ষায় উত্তীর্ণের হারও মাত্র প্রায় ৪-৫ শতাংশ।

TGTA-র পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে কমিশনের পদক্ষেপে সন্তুষ্ট না হলে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) করার হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষক সংগঠনটি।

আশিস চৌধুরীর অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে মহিলা টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ওপর পুরুষ পুলিশকর্মীদের লাঠিচার্জের ঘটনাকে গণতন্ত্রে বিশ্বাসী কোনও মানুষ সমর্থন করতে পারেন না।

You may also like

Leave a Comment