Home ত্রিপুরাওয়ারেংবাড়ি বুথে হঠাৎ উত্তেজনা, গুলি চালানোর অভিযোগ—আহত ৩

ওয়ারেংবাড়ি বুথে হঠাৎ উত্তেজনা, গুলি চালানোর অভিযোগ—আহত ৩

by Debasish
0 comments 4 views

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ি এলাকার ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোট চলাকালীন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় এক প্রার্থী-সহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের বাইরে একটি দলকে ঘিরে প্রথমে উত্তেজনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা এক আহত ব্যক্তির বক্তব্য অনুযায়ী, অমরপুরের দিক থেকে কয়েকজন ভোটকেন্দ্রের চত্বরে ঢোকার চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষের দিকে গড়ায়।

অভিযোগ, এই সময় গুলি চালানো হয়। পাশাপাশি দুই প্রার্থী-সহ আরও একজনকে মারধর করা হয় বলেও দাবি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে। সংঘর্ষের সময় মোবাইল ফোন-সহ বেশ কিছু সামগ্রী ভাঙচুরের অভিযোগও উঠেছে।

ঘটনার পরপরই ভোটকেন্দ্র চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। খবর পেয়ে মহারানি ফাঁড়ির পুলিশ-সহ অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বুথের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment