Home ত্রিপুরাদশ বছর পর ভিলেজ কমিটি ভোটে সকাল ১০টায় ২০ শতাংশের বেশি ভোট, বুথে বুথে দীর্ঘ লাইন

দশ বছর পর ভিলেজ কমিটি ভোটে সকাল ১০টায় ২০ শতাংশের বেশি ভোট, বুথে বুথে দীর্ঘ লাইন

by Debasish
0 comments 2 views

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর ভিলেজ কমিটি নির্বাচন। সকাল ১০টা পর্যন্ত রাজ্যের উপজাতি এলাকাগুলিতে ২০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ভোটগ্রহণের প্রথম কয়েক ঘণ্টা শান্তিপূর্ণভাবেই কেটেছে। এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই।

ভোট শুরু হওয়ার আগেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল থেকেই বহু ভোটার বুথে পৌঁছে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ১০ বছর পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।

এবার ৮টি জেলার ৫২টি ব্লকের মধ্যে ৪৪টি ব্লকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ৫৮৭টি ভিলেজ কমিটির ২,৯৫০টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে ১,৬৪৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফল নির্ধারিত হয়ে গেছে। ভোটদানে যোগ্য ভোটারের সংখ্যা প্রায় ৬.৬৫ লক্ষ এবং ভোটগ্রহণের জন্য নির্ধারিত হয়েছে ১,০৯৫টি ভোটকেন্দ্র।

ভোটের ময়দানে রয়েছেন মোট ৮,১৭৬ জন প্রার্থী। বিজেপি, তিপ্রা মথা পার্টি, আইপিএফটি, সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এবং কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এবং দুর্গম ভোটকেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। প্রায় ৭৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF)-এর প্রায় ৫ হাজার জওয়ানের পাশাপাশি ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের প্রায় ১০ হাজার কর্মী মোতায়েন রয়েছেন।

সব মিলিয়ে ১৫ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করছেন।

TTAADC-এর অধীনে থাকা ভিলেজ কমিটিগুলি মূলত তৃণমূল স্তরের স্থানীয় শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর দীর্ঘ ১০ বছর বাদে ফের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

You may also like

Leave a Comment