আগরতলা, ২৭ সেপ্টেম্বর : আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকে প্রশাসনিক ও নিরাপত্তার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ভোটগ্রহণের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। জানিয়েছেন যুবরাজনগর ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার প্রসেনজিৎ মালাকার।
রিটার্নিং অফিসার জানান, যুবরাজনগর ব্লকের অধীনে মোট ৩টি ভিলেজ কাউন্সিল এবং ৮টি পোলিং স্টেশন রয়েছে। এই ব্লকে মোট ভোটার সংখ্যা ৩,৯৬৯ জন। এলাকাটি মোট ১২টি কনস্টিটিউয়েন্সি ও ২১টি সিটে বিভক্ত। নির্বাচনে মোট ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে সমগ্র যুবরাজনগর ব্লক এলাকায় বিএনএস-এর ২২৩ ধারা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আওতায় নির্বাচনী প্রচার, সভা-সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি একসঙ্গে পাঁচজনের বেশি মানুষের জমায়েত ও চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি পোলিং স্টেশনে পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে। ভোটারদের জন্য ছায়ার শেড ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষম ভোটারদের সুবিধার্থে রাখা হয়েছে হুইলচেয়ার।
রিটার্নিং অফিসার প্রসেনজিৎ মালাকার সমস্ত ভোটারের কাছে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। কোনও ধরনের ভয় বা বিভ্রান্তিতে না পড়ে নির্ভয়ে নিজেদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের উদ্দেশে আবেদন জানিয়েছেন তিনি।