আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলাতেও অনুষ্ঠিত হতে চলেছে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খোয়াই জেলা আরক্ষা প্রশাসন।
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শনিবার খোয়াই জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডির পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপিএফ, অসম রাইফেলস, বিএসএফ, টিএসআর, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, কেন্দ্রীয় গোয়েন্দা শাখা-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি জানান, খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকায় মোট ৫৩টি পুলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ জওয়ান আনা হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ, টিএসআর এবং বিএসএফ-এর জওয়ানদেরও নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে।
ভোটগ্রহণের আগে থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আশা প্রকাশ করেন, সমস্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বাহিনীগুলির সমন্বিত প্রচেষ্টায় খোয়াই জেলায় এবারের এডিসি ভিলেজ কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।