Home ত্রিপুরাবেহাল রাস্তা সারাই ও ভারী যান চলাচল বন্ধের দাবিতে অবরোধ

বেহাল রাস্তা সারাই ও ভারী যান চলাচল বন্ধের দাবিতে অবরোধ

by Debasish
0 comments 6 views

জিরানিয়ার হরি সর্দার পাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

জিরানিয়া, ২৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। তার উপর নিয়মিত ভারী যানবাহনের যাতায়াত। ফলে চরম দুর্ভোগে পড়েছেন জিরানিয়া মহকুমার বড়জলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের হরি সর্দার পাড়ার বাসিন্দারা। অবশেষে রাস্তা সংস্কার এবং ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরি সর্দার পাড়া হয়ে এনআইটি যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি পথচারী ও ছোট যানবাহনের চালকদেরও প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এই বেহাল রাস্তার উপর দিয়ে নিয়মিত টিপার, বড় ইটবোঝাই গাড়ি এবং অন্যান্য ভারী পণ্যবাহী যান চলাচল করায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ভারী যানবাহনের চাপে রাস্তার ক্ষয়ক্ষতি বাড়ছে বলেও অভিযোগ তাঁদের।

এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা দ্রুত সংস্কার এবং হরি সর্দার পাড়া দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রতিদিন এই রাস্তা ব্যবহার করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে বলে তাঁদের দাবি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি এই রাস্তা দিয়ে টিপার, ইটবোঝাই গাড়ি ও অন্যান্য ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারির দাবি জানান।

You may also like

Leave a Comment