Home ত্রিপুরাজোলাইবাড়ীতে গণেশ পুজো দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৮ বছরের শিশুর

জোলাইবাড়ীতে গণেশ পুজো দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৮ বছরের শিশুর

by Debasish
0 comments 5 views

জোলাইবাড়ী, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজোর আনন্দ দেখতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল মাত্র ৮ বছরের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে জোলাইবাড়ীর লতুয়াটিলা এলাকায়। মৃত শিশুর নাম তুষার মজুমদার। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মা-বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ লতুয়াটিলা এলাকার বাসিন্দা সুশাঙ্কর মজুমদার স্ত্রী রেশমি রিয়াং মজুমদার এবং ৮ বছরের ছেলে তুষারকে নিয়ে একটি বাইকে করে জোলাইবাড়ীতে গণেশ পুজো দেখতে যাচ্ছিলেন। জোলাইবাড়ী ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছাতেই আচমকা বাইকের সামনে একটি কুকুর চলে আসে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কুকুরটিকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যেই বাইকটি রাস্তায় ছিটকে পড়ে এবং তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত তিনজনকে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মাঝরাস্তায় মৃত্যু হয় শিশু তুষারের। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় তার মা ও বাবা বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে সংবাদমাধ্যমের তরফে নিহত শিশুর বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি। পরে তুষারের জেঠু শংকর মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দেন।

তবে দুর্ঘটনার পর আরও একটি বিষয়কে ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের দাবি অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে বাইকটি পরে আর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কে বা কারা বাইকটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাইকটি কীভাবে এবং কেন সরানো হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনাটির নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

You may also like

Leave a Comment