বিশ্বকর্মা পুজোর পর ডম্বুর জলাধারে নিখোঁজ এলডিসি কর্মী! রাতভর তল্লাশি, এখনও সন্ধান মেলেনি জীবনের
আগরতলা, ১৯ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর উৎসবের পর ডম্বুর জলাধার সংলগ্ন এলাকা থেকে গন্ধাছড়া মহকুমা হাসপাতালের এক এলডিসি কর্মী নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ কর্মীর নাম জীবন চৌধুরী। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, তিনি জলাধারে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে থাকতে পারেন।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে মাশঘাট সংলগ্ন এলাকা থেকে জীবন চৌধুরীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে নৈরাহা চৌধুরীপাড়া এলাকা থেকে তাঁর জুতো, মোবাইল ফোন এবং স্কুটার উদ্ধার হয়। এই ঘটনায় তাঁর জলাধারে পড়ে যাওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।
ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তল্লাশি অভিযান শুরু করে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দফতর। অভিযানে মহকুমা দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যদের পাশাপাশি সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরাও অংশ নেন। শুক্রবার রাতভর জলাধারের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। শনিবার দুপুর পর্যন্ত অভিযান চললেও জীবন চৌধুরীর কোনও সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানান, বানমালিপুর ফায়ার স্টেশন এবং সংশ্লিষ্ট ওসি-র কাছ থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদেরও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।
ওই আধিকারিকের কথায়, রাতভর তল্লাশি চালিয়েও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। শনিবার দিনভরও ঘটনাস্থলে থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছে।
এদিকে তল্লাশি অভিযানে আরও গতি আনতে ৫ম ব্যাটালিয়ন টিএসআরের একটি এসডিআরএফ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। দলটি পৌঁছানোর পর জলাধারে আরও ব্যাপকভাবে অনুসন্ধান চালানো হবে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ফের ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।
শনিবার দুপুর ২টা পর্যন্ত জীবন চৌধুরীর কোনও সন্ধান পাওয়া যায়নি। ডম্বুর জলাধার এলাকায় নিখোঁজ এলডিসি কর্মীর সন্ধানে উদ্ধারকারী দলগুলির তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।