আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হলো মেগা রক্তদান শিবির। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। শিবিরে নিজে রক্তদান করেন সাংসদ বিপ্লব দেব।
রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীও রক্তদান করেন বলে জানা যায়।
রক্তদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক জীবন এবং জনসেবায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।
বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে চলেছে। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশে বর্তমানে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান-সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রসঙ্গেও বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরার সাংসদ। তাঁর দাবি, একসময় যে ধরনের ডিজিটাল পরিষেবা বহু মানুষের কাছে কল্পনার বিষয় ছিল, বর্তমানে দেশের সাধারণ নাগরিকদের কাছে সেই পরিষেবাগুলি অনেক বেশি সহজলভ্য হয়েছে।