আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে আগামী ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক তিন দিনের দীপাবলি মেলা। মেলাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি।
মেলা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার গোমতী জেলা শাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রথম সমন্বয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, জেলা শাসক রিঙ্কু লাথার-সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।
বৈঠকে মেলার নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে মেলা চলাকালীন ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও মন্দির চত্বরে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে CCTV ক্যামেরা বসানো হবে। ভক্ত ও দর্শনার্থীদের চলাচল এবং ভিড়ের ওপর নজর রাখতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ত্রিপুরার শিল্পীদের পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তের শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
মেলা পরিচালনায় সমন্বয় ও দক্ষ ব্যবস্থাপনার জন্য গঠন করা হয়েছে একটি কেন্দ্রীয় আয়োজক কমিটি এবং ১৪টি উপ-কমিটি। কেন্দ্রীয় আয়োজক কমিটির দায়িত্বে থাকবেন দেবল দেব রায়।
মেলাকে কেন্দ্র করে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, পরিকাঠামো, যাতায়াত ও লজিস্টিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে প্রশাসন।
উল্লেখ্য, উদয়পুরের ঐতিহাসিক মা ত্রিপুরেশ্বরী মন্দিরকে ঐতিহ্যগতভাবে ৫১টি শক্তিপীঠের অন্যতম হিসেবে মান্যতা দেওয়া হয়। প্রতিবছর দীপাবলি উপলক্ষে এই মেলায় বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়।