২৮ সেপ্টেম্বর নির্বাচন, ৫ অক্টোবর ভোটগণনা; প্রস্তুতি তুঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের
আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর অধীন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সরকারি প্রেসে ব্যালট ছাপার কাজ শুরু হয়েছে। পাশাপাশি নির্বাচনী কাজে নিযুক্ত সরকারি আধিকারিক, পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থাও করা হচ্ছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৫ অক্টোবর। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিভিন্ন স্তরে প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান, নির্বাচনী কাজে নিযুক্ত সরকারি আধিকারিক, পুলিশ ও টিএসআর কর্মীসহ অন্যান্য ভোটকর্মীদের ভোটদানের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি জানান, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীদের জন্য নির্দিষ্ট ফর্ম ১৫-এর মাধ্যমে আবেদন করতে হবে। ওই ফর্মের ভিত্তিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের মাধ্যমে তাঁদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর তাঁরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
এদিকে, নির্বাচন পরিচালনার কাজে নিযুক্ত ভোটকর্মীদের প্রশিক্ষণও বিভিন্ন ব্লকে চলছে। অনুরাগ সেন জানান, ভোটকর্মীদের প্রথম পর্যায়ের র্যান্ডমাইজেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রথম দফার প্রশিক্ষণও শেষ হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় দফার প্রশিক্ষণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ব্যালট ছাপার কাজ প্রসঙ্গে কমিশনের সচিব জানান, সরকারি প্রেসে নির্দিষ্ট একটি দলকে দায়িত্ব দিয়ে ব্যালট ছাপার কাজ চলছে। নির্ধারিত সময়ের আগেই সমস্ত ব্যালট ছাপার কাজ সম্পন্ন করে সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, ভোটকর্মীদের প্রশিক্ষণ, ব্যালট ছাপা এবং পোস্টাল ভোটদানের ব্যবস্থা—সব ক্ষেত্রেই তৎপরতা বাড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন।