পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ
কমলাসাগর, ১৩ সেপ্টেম্বর: কমলাসাগরের ঐতিহ্যবাহী ভাদ্র মেলা থেকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সুজিতা দাস। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
জানা গেছে, মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তাঁর স্বামী প্রতিম নমঃ-কে তাঁর বাবা সঞ্জিত নমঃ ও ভাই নয়ন নমঃ পথ আটকান বলে অভিযোগ। এরপর সুজিতার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনায় গুরুতর আহত হন সুজিতা। তাঁকে প্রথমে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ নয়ন নমঃ-কে আটক করেছে বলে জানা গেছে। পাশাপাশি সঞ্জিত নমঃ-কে নিয়েও পুলিশের তৎপরতা চলছে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিবাদের বিষয়টি উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, হামলার সঙ্গে কারা জড়িত এবং মৃত্যুর প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।