আগরতলা, ৯ সেপ্টেম্বর : আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তৎপরতা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য মিছিল করে একাধিক আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা।
জিরানিয়া ও মান্দাই ব্লক অফিস চত্বরে এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল করে ব্লক অফিসে পৌঁছে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, তিপ্রা মথার সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতেই জোটের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দশম মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মাধববাড়ী, পশ্চিম বর্জলা ও বিশ্রামবাড়ীসহ বিভিন্ন ভিলেজ কমিটিতে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। পাশাপাশি মান্দাই ও জিরানিয়া ব্লকের চারঘরিয়া এবং উত্তর জয়নগর ভিলেজ কমিটির নির্দিষ্ট আসনেও বিজেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, শান্তি, সম্প্রীতি এবং এডিসির সার্বিক ক্ষমতায়নের লক্ষ্যেই জোটের এই লড়াই। তাঁর দাবি, বর্তমানে রাজ্যে বিরোধীদের তেমন কোনো অস্তিত্ব নেই। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ত্রিপুরাকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ভিলেজ কমিটি নির্বাচনে জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদনও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।