হেজামারায় স্বপন দেববর্মাকে মারধরের অভিযোগ, রাজনৈতিক হিংসা বন্ধের আহ্বান
আগরতলা: আইপিএফটি দলের সাধারণ সম্পাদক শ্রী স্বপন দেববর্মার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, খোয়াইয়ের উদ্দেশে যাওয়ার পথে হেজামারা এলাকায় তিপ্রা মথা দলের সমর্থকদের দ্বারা তিনি আক্রান্ত ও মারধরের শিকার হন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, স্বপন দেববর্মাকে লক্ষ্য করে এই ধরনের হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে আইপিএফটি, বিজেপি এবং তিপ্রা মথা আসন্ন ভিলেজ কমিটি সাধারণ নির্বাচনে জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই পরিস্থিতিতে জোটের শরিক দলের নেতার উপর হামলার অভিযোগ রাজনৈতিক ঐক্যের পরিবেশকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রাজ্যের কোথাও রাজনৈতিক হিংসা বরদাস্ত করা উচিত নয়। সমস্ত রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখা, জোটের ঐক্য ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।