দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালাল চালক, বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক
বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। আহতরা হলেন কিষাণ বণিক (৩৭) ও নয়ন দেবনাথ (১৮)। দুর্ঘটনায় দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে বাইকে করে যাচ্ছিলেন ওই দুই যুবক। সেই সময় একটি দ্রুতগামী মারুতি গাড়ি বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাইকসহ দুই আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই মারুতি গাড়িটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে বিশালগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পালিয়ে যাওয়া মারুতি গাড়ি ও চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।