আগরতলা, ১ সেপ্টেম্বর: আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জিআরপিএস পুলিশ। ধৃত যুবকের নাম মণীশ কুমার (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল প্রায় ৩টা নাগাদ জিআরপিএসের এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় মণীশ কুমারকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তাঁর পিঠে থাকা ব্যাগ থেকে মোট ১১.৫৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর মণীশ কুমারকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপিএস থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে জিআরপিএস পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।