আগরতলা, ১ সেপ্টেম্বর : শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা শহরবাসী ও দর্শনার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকে বসল আগরতলা পুরনিগম। পুরনিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে পুরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিক এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শহরের সৌন্দর্যায়ন, পরিষেবা, পরিচ্ছন্নতা, নিকাশি ব্যবস্থা, আলোকসজ্জা এবং প্রতিমা নিরঞ্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মেয়র দীপক মজুমদার শহরবাসী এবং পুজো দেখতে আগত সাধারণ মানুষের যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। পুজোর আগে শহরের রাস্তাঘাট, ড্রেন ও নিকাশি ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি শারদীয় উৎসবের দিনগুলিতে আগরতলা শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ আলোকসজ্জার ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে পুরনিগমের পরিষেবা ব্যবস্থা আরও সক্রিয় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৮টি ঘাটে নিরঞ্জনের বিশেষ প্রস্তুতি
প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করেও বিশেষ প্রস্তুতি নিচ্ছে পুরনিগম। শহরের বিভিন্ন এলাকায় থাকা মোট ১৮টি নিরঞ্জন ঘাট সংস্কার ও আলোকসজ্জার মাধ্যমে প্রস্তুত করা হবে। ঐতিহাসিক দশমী ঘাটেও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রেনের সাহায্যে যাতে নিরাপদ ও নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন করা যায়, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে।
পুজো কমিটিগুলিকে উৎসাহ দিতে ‘শারদ সম্মাননা’
শারদীয় উৎসবকে আরও বর্ণময় করে তুলতে পুজো কমিটিগুলিকে উৎসাহিত করার জন্য বিভিন্ন বিভাগে ‘শারদ সম্মাননা’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের সেরা পুজো, মহিলা পরিচালিত সেরা পুজো-সহ বিভিন্ন বিভাগে নির্বাচিত পুজো কমিটিকে আর্থিক পুরস্কার ও ট্রফি দিয়ে সম্মানিত করা হবে।
এছাড়াও বিভিন্ন জোনে সেরা থিম, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং পুরনিগমের নিয়ম মেনে চলা সেরা পুজো কমিটি নির্বাচন করে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।
সচেতনতা ও পরিচ্ছন্নতার বার্তায় জোর
এবারের পুজোয় সামাজিক সচেতনতামূলক বার্তার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেশামুক্তি, প্লাস্টিক বর্জন, এইডস প্রতিরোধ-সহ বিভিন্ন সামাজিক বিষয়কে পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরার উদ্যোগকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে।
পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার বার্তা আরও জোরদার করতে ‘মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার’ প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।
পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন, কাউন্সিলর, আধিকারিক, পুজো কমিটি এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় এবারের শারদীয় উৎসবকে নিরাপদ, পরিচ্ছন্ন, সুন্দর ও আনন্দময় করে তুলতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।