পেঁচারথল, ২৯ আগস্ট : মা-বোনেদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি তাঁদের আত্মমর্যাদা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান জানাতে উদ্যোগ নেওয়া হল পেঁচারথল বিধানসভা এলাকায়। আজ পেঁচারথল বিধানসভার অন্তর্গত লালজুড়ি সেক্টরের লালজুড়ি টাউন হলে ১২টি বুথের মা-বোনেদের মধ্যে সেলাই মেশিন, শাড়ি ও পাঁছড়া বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী সান্তনা চাকমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, এই কর্মসূচি শুধুমাত্র কিছু সামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল উদ্দেশ্য হল মা-বোনেদের স্বনির্ভরতা, আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করা।
তিনি বলেন, একটি সেলাই মেশিন একটি পরিবারের জন্য আয়ের নতুন পথ খুলে দিতে পারে। এর মাধ্যমে মহিলারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন। একইসঙ্গে শাড়ি ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, পাঁছড়া শুধু একটি পোশাক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের মাটি, সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের গর্ব। তাই উন্নয়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়াও সমান গুরুত্বপূর্ণ।
লালজুড়ি টাউন হলে আয়োজিত এই কর্মসূচিতে ১২টি বুথের মা-বোনেদের অংশগ্রহণ ছিল। তাঁদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে স্বনির্ভরতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আরও উদ্যোগ নেওয়ার বার্তা দেওয়া হয়।