Home আগরতলাতিপ্রাল্যান্ডের দাবিতে রাজ্যপালের কাছে IPFT-র স্মারকলিপি, লোক ভবনের সামনে রামপদ জামাতিয়ার প্রতিক্রিয়া

তিপ্রাল্যান্ডের দাবিতে রাজ্যপালের কাছে IPFT-র স্মারকলিপি, লোক ভবনের সামনে রামপদ জামাতিয়ার প্রতিক্রিয়া

by Debasish
0 comments 19 views

আগরতলা, নিজস্ব প্রতিবেদক: পৃথক ‘তিপ্রাল্যান্ড’ রাজ্য গঠনের দাবিতে মঙ্গলবার রাজ্যপাল রমেশ বৈসের কাছে স্মারকলিপি প্রদান করল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। এদিন আগরতলার লোক ভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে দলের এক প্রতিনিধি দল নিজেদের দীর্ঘদিনের দাবি তুলে ধরে।

সাক্ষাৎ শেষে লোক ভবনের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ত্রিপুরা বিধানসভার বিধায়ক রামপদ জামাতিয়া। এ সময় তিনি তিপ্রাল্যান্ডের দাবি, জনজাতিদের অধিকার এবং পাহাড়ি এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।

IPFT নেতৃত্বের বক্তব্য, পাহাড়ি অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজাতিদের অধিকার ও স্বার্থ সুরক্ষার জন্য পৃথক তিপ্রাল্যান্ড গঠনই স্থায়ী সমাধান। প্রতি বছরের মতো এবারও দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, তিপ্রাল্যান্ডের দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্যেই রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন IPFT নেতৃত্ব আরও স্পষ্ট করে জানান, ২০০৯ সাল থেকে পৃথক তিপ্রাল্যান্ডের দাবি এবং এ বিষয়ে দলের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের মন্তব্য ও জল্পনাকে খারিজ করে নিজেদের পুরনো অবস্থানেই অটল থাকার কথা জানান তারা।

তিপ্রাল্যান্ডের দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন IPFT নেতৃত্ব। লোক ভবনের সামনে বিধায়ক রামপদ জামাতিয়ার বক্তব্যকে ঘিরেও এদিন সংবাদমাধ্যমের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment