Home ত্রিপুরাতিন মাস ধরে ভাতা বন্ধ! ক্ষোভে মিড ডে মিল রাঁধুনিরা

তিন মাস ধরে ভাতা বন্ধ! ক্ষোভে মিড ডে মিল রাঁধুনিরা

by Debasish
0 comments 20 views

খোয়াই, ২৫ আগস্ট: টানা তিন মাস ধরে মাসিক ন্যূনতম ভাতা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন খোয়াই জেলার মিড ডে মিল রাঁধুনিরা। বকেয়া ভাতা দ্রুত প্রদান এবং প্রতি মাসে নির্ধারিত সময়ে ভাতা দেওয়ার দাবিতে মঙ্গলবার খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেন জেলার সমস্ত মিড ডে মিল রাঁধুনিরা।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টা নাগাদ রাঁধুনিদের একটি প্রতিনিধি দল খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মার কাছে তাঁদের দাবি-দাওয়া তুলে ধরেন। তাঁদের অভিযোগ, গত তিন মাস ধরে তাঁদের জন্য বরাদ্দ মাসিক ন্যূনতম ভাতা প্রদান করা হচ্ছে না। ফলে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন জেলার বহু মিড ডে মিল রাঁধুনি।

ডেপুটেশন শেষে মিড ডে মিল রাঁধুনিদের প্রতিনিধি জ্যোতিষ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁদের জন্য বরাদ্দ এই সামান্য ভাতার টাকাই অনেকের সংসার চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু টানা তিন মাস সেই টাকা না পাওয়ায় তাঁরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

রাঁধুনিদের দাবি, শুধু বকেয়া ভাতা প্রদান করলেই হবে না, ভবিষ্যতে প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যেই যেন তাঁদের ন্যূনতম ভাতা প্রদান করা হয়, তা নিশ্চিত করতে হবে।

তাঁরা জানান, এই সমস্যা নিয়ে এর আগেও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাঁদের। কিন্তু এখনও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় মঙ্গলবার জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

মিড ডে মিল রাঁধুনিদের বক্তব্য, তাঁরা নিয়মিত নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। তাই তাঁদের প্রাপ্য ন্যূনতম ভাতা নিয়মিত ও সময়মতো প্রদান করা উচিত। পাশাপাশি গত তিন মাসের বকেয়া ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

You may also like

Leave a Comment