Home ত্রিপুরামোদির জন্মদিনে ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানোর আহ্বান : মন্ত্রী সুধাংশু দাস

মোদির জন্মদিনে ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানোর আহ্বান : মন্ত্রী সুধাংশু দাস

by Debasish
0 comments 7 views

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর আবেদন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানোর আহ্বান জানালেন প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। দেশব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ নিজ বাড়িতে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার জন্য রাজ্যবাসীর প্রতি আবেদন জানান তিনি।

মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে সেবা, জনকল্যাণ ও জনঅংশগ্রহণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাঁর দাবি, ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দীর্ঘ সময় ধরে জনসেবার সঙ্গে যুক্ত রয়েছেন।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদেরও এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান মন্ত্রী। এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত, পিএম-কিষান, পোষণ অভিযান এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার মতো প্রকল্পের সুবিধাভোগীদের কথা উল্লেখ করেন তিনি।

সুধাংশু দাসের আবেদন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রত্যেকের বাড়িতে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালিয়ে পরমেশ্বরের কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হোক। পাশাপাশি প্রদীপ জ্বালানোর পর স্থানীয় নাটমন্দির, কমিউনিটি হল ও মন্দিরে সমবেত হয়ে প্রার্থনা ও সম্মিলিতভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

নিজের বিধানসভা কেন্দ্র ফটিকরয়সহ সমগ্র ত্রিপুরার মানুষের প্রতি বিশেষ আবেদন জানিয়ে মন্ত্রী বলেন, তিনিও নিজে প্রদীপ জ্বালিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে জনসেবা ও জনঅংশগ্রহণের মাধ্যমে স্মরণ করার জন্য রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment