Home আগরতলানিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী

নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী

by Debasish
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এবং নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলতে থাকা ড্রেন নির্মাণের কাজে নিম্নমান ও অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। রবিবার কৈলাসহর পুর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে থানা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে ড্রেন নির্মাণের কাজ। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। রাস্তার পাশে মাটি ও নির্মাণসামগ্রী ফেলে রাখায় যান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

এলাকাবাসীদের আরও অভিযোগ, নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না। কিছু কিছু জায়গায় ড্রেন সোজাভাবে নির্মাণ না করে আঁকাবাঁকা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কাজের গুণমান নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।

এই পরিস্থিতিতে রবিবার ক্ষুব্ধ এলাকাবাসীরা নির্মাণস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি, ড্রেন নির্মাণের কাজে ব্যবহৃত সামগ্রী ও নির্মাণের গুণমান খতিয়ে দেখে অনিয়মের অভিযোগ তদন্ত করতে হবে। পাশাপাশি নির্ধারিত প্রকল্পের মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার দাবিও জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, একই বিষয় নিয়ে সম্প্রতি নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সমাজসেবী সমীর পুরকায়স্থ। তাঁর অভিযোগেও নির্মাণকাজের গুণমান ও বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

তবে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর কিংবা নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফলে প্রকল্পের বাস্তব মান, কাজের নির্ধারিত নকশা ও অভিযোগের সত্যতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

You may also like

Leave a Comment