কুমারঘাট,২০ আগস্ট : প্রায় চারশো শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র চারজন। দীর্ঘদিনের এই তীব্র শিক্ষক সংকটের প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। সন্তানদের বিদ্যালয়ের বাইরে নিয়ে এসে স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ মিডিয়াম মেমোরিয়াল এইচএস স্কুলের মর্নিং সেকশনে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩৯২ জন শিক্ষার্থী রয়েছে। অথচ তাঁদের পড়াশোনার দায়িত্ব সামলাচ্ছেন মাত্র চারজন শিক্ষক। এর বাইরে রয়েছেন তিনজন আয়া ও কয়েকজন রান্নার কর্মী। বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা এতটাই কম যে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছে। একইসঙ্গে শিক্ষার্থীদের সঠিকভাবে দেখভাল করাও শিক্ষকদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে দাবি অভিভাবকদের।
জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও শিক্ষক ও কর্মীরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন। সকালে প্রাতঃপ্রার্থনা শেষ হওয়ার পর আচমকাই একত্রিত হন অভিভাবকেরা। তাঁরা নিজেদের সন্তানদের নিয়ে বিদ্যালয় চত্বরের বাইরে বেরিয়ে এসে শিক্ষক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে শিক্ষক-কর্মীরা অভিভাবকদের সঙ্গে কথা বলতে এগিয়ে গেলে তাঁদের সঙ্গে আলোচনা হয়। অভিযোগ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতীকীভাবে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিদ্যালয়ের ভিতরে অবস্থান করতে বলা হয়। এরপরই বিদ্যালয়ের মূল ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
অভিভাবকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাঁরা রাস্তায় নেমেছেন। তাঁদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে এবং পঠনপাঠনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ে উদ্যোগী হন বলে জানা গেছে। তবে বিদ্যালয়ে শিক্ষক সংকটের স্থায়ী সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে অভিভাবকদের একাংশের হুঁশিয়ারি। শিক্ষক সংকটের এই ঘটনা ফের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং পরিকাঠামোগত সমস্যার বিষয়টি সামনে নিয়ে এসেছে।