Home আগরতলাবিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা, আগরতলায় মশাল মিছিল যুব মোর্চার

বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা, আগরতলায় মশাল মিছিল যুব মোর্চার

by Debasish
0 comments 6 views

পুর ও নগর নির্বাচনের আগে রাজপথে শক্তি প্রদর্শন বিজেপির যুব সংগঠনের, মিছিলে অংশ নিলেন মন্ত্রী টিঙ্কু রায়

আগরতলা, ৩ নভেম্বর: আসন্ন পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারের উত্তাপ ক্রমশ বাড়ছে রাজ্যে। এরই মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে আগরতলা শহরে মশাল মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিশু উদ্যানের সামনে থেকে এই মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মিছিলটি।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। মিছিল থেকে বিজেপির পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি সমর্থন জানানো হয়। তাঁদের মুখে শোনা যায়, ‘মোদি কাহি নেহি জায়েগা’ স্লোগান।

যুব মোর্চার নেতৃত্বের অভিযোগ, বামফ্রন্ট, কংগ্রেস সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি দেশজুড়ে অস্থিরতা ও অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। কোনওভাবেই ভারতকে বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে এগিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

আসন্ন আগরতলা পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের রাজনৈতিকভাবে পরাস্ত করারও ডাক দেন যুব মোর্চার নেতৃত্ব। তাঁদের বক্তব্য, নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএমকে কোনও আসনেই জয়ের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে রাজ্যে অশান্তি ও অরাজকতা তৈরির যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠন রাস্তায় থাকবে বলেও জানানো হয়।

সব মিলিয়ে পুর ও নগর নির্বাচনকে ঘিরে আগরতলার রাজপথে যুব মোর্চার এই মশাল মিছিল বিজেপির রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী প্রস্তুতিরই একটি প্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

You may also like

Leave a Comment