আগরতলা, ২৪ অক্টোবর: সন্তানের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছেন মা-বাবা। কিন্তু আর্থিক ও চিকিৎসা সংক্রান্ত সমস্যার মধ্যে ছেলের উন্নত চিকিৎসা কীভাবে করাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে গন্ডাছড়ার এক পরিবারের। প্যারালাইসিসে আক্রান্ত ১৭ বছরের কিশোর অন্তর সরকারের চিকিৎসার জন্য এবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর অসহায় মা-বাবা।
গন্ডাছড়ার হরিপুর ১২ কার্ড এলাকার বাসিন্দা রাজকুমার সরকারের একমাত্র ছেলে অন্তর সরকার। সে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। চলতি বছর তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু গুরুতর অসুস্থতার কারণে পড়াশোনা ও পরীক্ষা—দুটিই ব্যাহত হয়েছে। বর্তমানে শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তার।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তরের শারীরিক সমস্যার সূত্রপাত হয় মাত্র পাঁচ বছর বয়সে। সেই সময় থেকেই তার ঘাড় ডান দিকে হেলে থাকার সমস্যা দেখা দেয়। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে সে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েছে বলে পরিবার জানিয়েছে।
সন্তানের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন মা-বাবা উন্নত চিকিৎসার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন। তাঁদের অভিযোগ, আগরতলার জিবি হাসপাতালে ছেলের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না। ফলে কোথায় এবং কীভাবে সন্তানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবেন, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা।
একদিকে ছেলের শারীরিক যন্ত্রণা, অন্যদিকে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে অসহায় অবস্থায় রয়েছেন রাজকুমার সরকার ও তাঁর পরিবার। ছেলেকে সুস্থ করে তোলার আশায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসার সহযোগিতা চেয়েছেন তাঁরা। পরিবারের আবেদন, অন্তরের শারীরিক অবস্থা বিবেচনা করে সরকার যেন তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
একজন কিশোরের স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন এখন নির্ভর করছে যথাযথ চিকিৎসা ও সহায়তার ওপর। অসহায় পরিবারের এই আবেদন মুখ্যমন্ত্রীর নজরে আসে কি না এবং অন্তরের চিকিৎসার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তার পরিজনরা।