Table of Contents
সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮০৩ আসনে তিপ্রা মথা, বিজেপি ৫০৮
আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (TTAADC) ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনাকে ঘিরে সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা, বিক্ষোভ ও অবরোধের ঘটনা সামনে এসেছে। সিপাহিজলা ও ধলাই জেলায় রাস্তা অবরোধের পাশাপাশি খোয়াইয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে, এই উত্তেজনার মধ্যেই ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে বড়সড় সাফল্যের পথে তিপ্রা মথা। সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের হিসাবে তিপ্রা মথা ২৮০৩টি আসনে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে ৫০৮টি আসন। নির্দল প্রার্থীরা ৯৩টি, সিপিআইএম ৪০টি, আইপিএফটি ১৬টি এবং কংগ্রেস ১০টি আসনে জয় পেয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাজ্যের ৫৮৭টি ভিলেজ কমিটির জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটদানের হার ছিল প্রায় ৮১ শতাংশ। মোট ৪৫৯৪টি আসনের মধ্যে ২৯৫০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বাকি আসনগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারিত হয়।
রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুগ্র সেন জানান, দুপুর পর্যন্ত মোট ৩৪৭০টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। কিছু জায়গায় সমস্যা তৈরি হওয়ায় গণনা প্রক্রিয়ায় সাময়িক বিলম্ব হয়েছিল। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ কমিশনের কাছে জমা পড়েনি বলেও জানান তিনি।
সিপাহিজলায় রাস্তা অবরোধ
সিপাহিজলা জেলার কাঠালিয়া ব্লকের পলি বাড়ি ক্লাস XII ইংলিশ মিডিয়াম স্কুলে গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, তিপ্রা মথার সমর্থকরা গণনা কেন্দ্রের দিকে যাওয়া রাস্তায় অবরোধ করেন। এর ফলে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকদের যাতায়াত এবং গণনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের চলাচলে সমস্যা তৈরি হয় বলে অভিযোগ।
পরিস্থিতির প্রতিবাদে বিরোধী দলের নেতাকর্মীরা যাত্রাপুর থানার সামনে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে সিপাহিজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখেন বলে জানা গেছে।
ধলাইয়ে সিপিআইএমের বিক্ষোভ
অন্যদিকে, ধলাই জেলার সালেমা ব্লকের মহারানীতেও বিক্ষোভ ও রাস্তা অবরোধের খবর পাওয়া যায়। সিপিআইএমের অভিযোগ, তাদের গণনা এজেন্টদের মহারানী হাইস্কুলের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। দলের আরও অভিযোগ, কয়েকজন এজেন্টকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার পাশাপাশি তাঁদের পরিচয়পত্রও নিয়ে নেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
খোয়াইয়ে লাঠিচার্জ, আহত ১০-১২
সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় খোয়াই জেলার ভারত সর্দার বিদ্যালয়ের সামনে। তুলাশিখর আরডি ব্লকের নির্ধারিত গণনা কেন্দ্র ছিল এই বিদ্যালয়। অভিযোগ, একদল উত্তেজিত জনতা নিরাপত্তা ব্যারিকেড টপকে গণনা কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন।
লাঠিচার্জে মহিলা-সহ প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ভিলেজ কমিটি নির্বাচনের গণনা শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলির অভিযোগ-পাল্টা অভিযোগ এবং একাধিক জায়গায় উত্তেজনার মধ্যেই এখন নজর রয়েছে চূড়ান্ত ফলাফলের দিকে।