হেরিটেজ পার্কের সামনে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ
আগরতলা, ১ অক্টোবর: আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় দুই তরুণীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। তরুণীদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক গাড়িটির পিছু ধাওয়া করেন বলে জানা গেছে। পরে পুলিশের সহায়তায় পূর্বশা এলাকার পেছনদিকে গাড়িটিকে আটক করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভিড় জমে যায়। অভিযোগ অনুযায়ী, গাড়িতে দুই যুবক ছিলেন। পুলিশ গাড়িটি আটক করার পর তাঁদের মধ্যে একজন সেখান থেকে পালিয়ে যায়। অপর যুবককে আটক করে পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, গাড়িতে থাকা দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য পূর্ব আগরতলা মহিলা থানায় নিয়ে যায় পুলিশ। ঠিক কী পরিস্থিতিতে তাঁদের গাড়িতে তোলা হয়েছিল এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীদের বক্তব্য, আটক যুবকের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তথ্য যাচাইয়ের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।