Home অপরাধওয়ারেংবাড়ি গুলিকাণ্ডে পুলিশের জালে দুই সন্দেহভাজন, আদালতে পেশ

ওয়ারেংবাড়ি গুলিকাণ্ডে পুলিশের জালে দুই সন্দেহভাজন, আদালতে পেশ

by Debasish
0 comments 1 views

তিপরা মথার প্রার্থীকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় সিপাহিজলায় রাতভর অভিযান, বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে সংঘটিত গুলিচালনার ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি। তিপরা মথার এক প্রার্থীকে গুলি করার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। বুধবার গভীর রাতে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অধীন চম্পকজলা ও টাকারজলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিচালনার ঘটনাটি ঘটে। নির্বাচনী উত্তেজনার মধ্যে সংঘটিত এই ঘটনায় তিপরা মথার এক প্রার্থী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ঘটনার তদন্তে আর. কে. পুর থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে মহারানি এলাকা। টানা দু’দিন ধরে চলে বিক্ষোভ ও প্রতিবাদ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তদন্তে নামে পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি দলের দুই সদস্যের সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে দাবি। এরপর উদয়পুরের এসডিপিও, আর. কে. পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং সিপাহিজলা জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় আপাতত প্রকাশ করেনি পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হয়। গুলিচালনার ঘটনার সঙ্গে তাঁদের ভূমিকা এবং অন্য জড়িতদের সন্ধান পেতে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে।

পুলিশের বক্তব্য, এই ঘটনায় তদন্ত এখনও শেষ হয়নি। গুলিচালনার সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং তাঁদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment