আগরতলা, ১ অক্টোবর: দরজায় কড়া নাড়ছে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই সংগঠনকে নির্বাচনী লড়াইয়ের জন্য আরও প্রস্তুত করতে ময়দানে নামল বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি দপ্তরে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে পুর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী নির্বাচন, সংরক্ষণ, নির্বাচনী রণকৌশল এবং সংগঠনকে বুথস্তরে আরও সক্রিয় করার মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, এটি দলের পূর্বনির্ধারিত সাংগঠনিক বৈঠক। তবে সামনে থাকা বিভিন্ন নির্বাচন, বিশেষ করে পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বৈঠকে বিস্তারিত সাংগঠনিক আলোচনা হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, কোন এলাকায় কাকে প্রার্থী করা হবে, সংরক্ষণের বিষয়টি কীভাবে কার্যকর হবে এবং নির্বাচনে দলের সামগ্রিক কৌশল কী হবে—এসব বিষয় বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিতে দলের কর্মীদের আরও সক্রিয় করার বিষয়েও জোর দেওয়া হবে।
ডাঃ সাহা দাবি করেন, বর্তমানে বিজেপির সাংগঠনিক কাঠামো যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। এবার সেই সংগঠনের শক্তিকে নির্বাচনী কাজে কাজে লাগাতে কর্মীদের আন্তরিকভাবে মাঠে নামার আহ্বান জানানো হচ্ছে।

পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সেই আবহে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠকে প্রার্থী বাছাই থেকে শুরু করে বুথস্তরের সংগঠনকে সক্রিয় করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় নির্বাচনের আগে দলের প্রস্তুতির ছবিই আরও স্পষ্ট হল।