উদয়পুর, ২৭ সেপ্টেম্বর: স্বাস্থ্য পরিষেবার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ নার্সিংকর্মী তৈরির লক্ষ্যে উদয়পুর মহকুমার ধজ্জ্বনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন। রবিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সবিতা নাগ, সমাজসেবক সানি সাহা, সমীর চক্রবর্তী, টেপানিয়া আরডি ব্লকের বিডিও অর্জুন চন্দ্র দেবনাথ, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না রানী দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, গোমতী জেলার উদয়পুর মহকুমায় গত কয়েক বছরে স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবার পরিকাঠামোর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এর ফলে স্থানীয়ভাবে শিক্ষার সুযোগ যেমন বাড়ছে, তেমনই ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরির পথও প্রশস্ত হচ্ছে।
নার্সিং শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে শুধু পরিকাঠামো থাকলেই হবে না, তার সঙ্গে প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মী। সেই দিক থেকে ধজ্জ্বনগরে এই ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা এলাকার জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

রাজ্য সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে প্রতিষ্ঠানের বিভিন্ন অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করেন। নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।