আগরতলা: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। সিপিআইএমের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বিভিন্ন এলাকায় বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। জেলা শাসকের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিললেও বাস্তবে এখনও কার্যকর কোনও পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ তাঁর।
এই পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি সিপিআইএম বিবেচনা করছে বলে জানান বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, নির্বাচনে বিরোধীদের মনোনয়ন দাখিলের সুযোগ না দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
জিতেন্দ্র চৌধুরীর আশঙ্কা, ভিলেজ কমিটি নির্বাচনে যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভবিষ্যতে বিধানসভা ও লোকসভা নির্বাচনেও তার প্রভাব পড়তে পারে। পাশাপাশি নিয়ম-বহির্ভূতভাবে বা জোর করে নির্বাচিত ব্যক্তিরা প্রশাসনিক কর্তৃপক্ষের নির্দেশও অমান্য করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন শক্তির সমালোচনা করে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, রাজনৈতিক সমঝোতা ও অনিয়মের মাধ্যমে ত্রিপুরাকে অস্থিরতা ও ‘গুণ্ডারাজের’ দিকে ঠেলে দেওয়া হচ্ছে।