Home ত্রিপুরাজগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

by Debasish
0 comments 22 views

উদয়পুরে মর্মান্তিক দুর্ঘটনা, একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার

আগরতলা, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুলছাত্রের। মৃত ছাত্রের নাম দেবজিৎ দে (১৬)। তার বাড়ি উদয়পুরে। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, রবিবার দুপুর প্রায় ৩টা নাগাদ কয়েকজন বন্ধুর সঙ্গে জগন্নাথ দীঘিতে স্নান করতে যায় দেবজিৎ। স্নানের সময় আচমকাই সে গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, এবং দমকল দপ্তরের কর্মীরা। প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর জলের নিচ থেকে দেবজিতের দেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দমকলকর্মীরা দ্রুত তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

You may also like

Leave a Comment