বিশালগড়, ৩ সেপ্টেম্বর: তিন কেজি স্বর্ণ লোপাটের অভিযোগকে কেন্দ্র করে এবার বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্র দপ্তর। আদালতের নির্দেশের পর বিশালগড় থানার ওসি-সহ মোট চার পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে। ঘটনাকে ঘিরে পুলিশ মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।
ক্লোজ হওয়া পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন বিশালগড় থানার ওসি বিজয় দাস, সাব-ইন্সপেক্টর সুপ্রতিম দে, বাণিজয় রিয়াং এবং কনস্টেবল বাহার মিয়া।
তিন কেজি স্বর্ণ লোপাটের অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলায় আদালতের নির্দেশের পর স্বরাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অভিযোগের সঙ্গে কারা জড়িত এবং স্বর্ণের হদিস কোথায়—তা নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে ঘটনার সঙ্গে কারও অপরাধমূলক সংশ্লিষ্টতা চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে—এমন দাবি করা যাচ্ছে না। তদন্তের অগ্রগতির পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।