আগরতলা, ১৬ আগস্ট : আসন্ন রাজ্যভিত্তিক পাওয়ারলিফটিং প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ও নির্বাচন শিবির। পশ্চিম জেলা পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল রাজ্যভিত্তিক পাওয়ারলিফটিং আসরের জন্য যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা। এদিনের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত খেলোয়াড়রা পরবর্তী সময়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পশ্চিম জেলার হয়ে প্রতিনিধিত্ব করবেন। রাজ্য আসরে ভালো ফল করা খেলোয়াড়দের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের পথও আরও সুগম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়-সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। উপস্থিত ক্রীড়া ব্যক্তিত্বরা বলেন, ত্রিপুরায় পাওয়ারলিফটিংয়ের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই রাজ্যের খেলোয়াড়রা ইতিমধ্যেই সাফল্যের নজির তৈরি করেছেন। বিশেষ করে মাস্টার্স পাওয়ারলিফটিংয়ে রাজ্যের একাধিক খেলোয়াড় পদক অর্জন করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন।
বক্তারা আরও জানান, নতুন প্রতিভা তুলে আনতে নিয়মিতভাবে জেলা ও রাজ্যভিত্তিক প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের নির্বাচন শিবিরের মাধ্যমে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রাও নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
এদিনের অনুষ্ঠানে পশ্চিম জেলা পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি অমল ঘোষ, সম্পাদক বলরাম দাস, কোষাধ্যক্ষ অমরজিৎ দেববর্মা এবং জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা-সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্ব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজ্য আসরকে সামনে রেখে এদিনের প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আয়োজকদের আশা, পশ্চিম জেলা থেকে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়রা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় ভালো ফল করে আগামী দিনে জাতীয় স্তরেও ত্রিপুরার প্রতিনিধিত্ব করবেন।
